হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসির এক ডিলারের গুদাম ভেঙে বিক্ষুব্ধ কৃষকদের সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে বিএডিসির এক ডিলারের গুদামের বেড়া ভেঙে স্থানীয় কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যান। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

ঘটনার তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা।

ইউএনও অমৃত দেবনাথ জানান, লুট হওয়া সার উদ্ধারে অভিযান চালিয়ে ইতোমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডিলারকে ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিকে সোমবার (২৪ আগস্ট) মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version