নাগেশ্বরী প্রতিনিধি
সময়মতো সার না পাওয়া, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং নানা টালবাহানার অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা। একপর্যায়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে ডিলারের সার গোডাউনে—ভাঙচুর করা হয় গোডাউনের বেড়া। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (৬ সেপ্টেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় সার কিনতে গিয়ে দিনের পর দিন ডিলারের কাছে ঘুরতে হচ্ছে তাদের। চাহিদামতো সার না পাওয়ার পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগও রয়েছে। এতে ক্ষোভ ক্রমেই বাড়তে থাকে কৃষকদের মধ্যে।
কৃষকদের দাবি, সার নিতে গেলে ডিলারের পক্ষ থেকে নানা অজুহাত দেখানো হয়। এ নিয়ে রোববার ডিলারের সঙ্গে কৃষকদের কথা-কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের সার গোডাউনের দিকে এগিয়ে গিয়ে বেড়া ভাঙচুর শুরু করেন। এ সময় কচাকাটা বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন।
কৃষকদের আশঙ্কা, কৃষি মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার নিশ্চিত করা না হলে চাষাবাদ ব্যাহত হবে। একই সঙ্গে বেড়ে যাবে উৎপাদন খরচ, যার সরাসরি প্রভাব পড়বে কৃষকের আয়ে।
কৃষকদের দাবি, সার কোথা থেকে কীভাবে সরবরাহ ও বিক্রি হচ্ছে, নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে কি না এবং সংকটের পেছনে কারা দায়ী—তা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
