উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষকদের সড়ক অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু করা হয়।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে মঙ্গলবার কৃষকদের সার দেওয়ার কথা ছিল। এ কারণে সকাল থেকেই অনেক কৃষক সার নেওয়ার জন্য সেখানে এসে সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। কিন্তু সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজন সার বিতরণে না আসায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা সড়কে টায়ার জ্বালিয়ে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
কৃষকদের অভিযোগ, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় তারা সকাল থেকে অপেক্ষা করলেও সময়মতো বিতরণ শুরু না হওয়ায় বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে।
খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সার বিতরণ কার্যক্রম শুরু হয়।
মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, সারের জন্য কৃষকদের প্রচুর চাপ রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সকাল ১০টা বাজতে না বাজতেই কৃষকরা তাড়াহুড়া শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করেন। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সার বিতরণ শুরু হয়েছে এবং বিতরণ কার্যক্রম শেষের দিকে।
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণ কেন্দ্রে প্রচুর কৃষক উপ
