ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় শিয়ালের আক্রমণে দুই নারী আহত হয়েছেন। আহতদের মধ্যে রোকেয়া খাতুন (৭০) গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অপর আহত চন্দনা রানী (৩৯) প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকায় এ দুটি ঘটনা ঘটে। গুরুতর আহত রোকেয়া খাতুন চন্দ্রখানা পাঠানটারী এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, সকালে বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হলে হঠাৎ একটি শিয়াল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালটি তার মুখমণ্ডল, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন।
পরে স্বজনরা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
একই দিন সকালে একই ইউনিয়নের চন্দ্রখানা এলাকার বাসিন্দা চন্দনা রানী বাড়ির হাঁসকে খাবার দিতে গিয়ে আরেকটি শিয়ালের আক্রমণের শিকার হন। তিনি সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী।
চন্দনা রানীর স্বামী সন্তোষ চন্দ্র রায় জানান, হাঁসকে খাবার দেওয়ার সময় হঠাৎ একটি শিয়াল তার স্ত্রীর ওপর আক্রমণ চালিয়ে কামড়ে দেয়। পরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন দেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, শিয়ালের আক্রমণে আহত দুই নারীর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা ও রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। অপরজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
