আনোয়ার হোসেন
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে রাজনৈতিক পরিচয় পরিবর্তন নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতা বর্তমানে যুবদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঘোগাদহ ইউনিয়নের শ্রী পূর্ণ চন্দ্র সরকার। নথিপত্রের বরাতে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল ঘোগাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটিতে তাকে সহ-সভাপতি করা হয়। ওই কমিটিতে তাঁর পদ থাকার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নথিও রয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদলের কার্যক্রমে সক্রিয় হন। সম্প্রতি ঘোগাদহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে একটি রাজনৈতিক সমাবেশের পোস্টারেও তাঁর ছবি দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন করে রাজনৈতিক পরিচয় পরিবর্তনকারীরা গুরুত্বপূর্ণ পদে আসছেন কি না—এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক স্থানীয় জ্যেষ্ঠ নেতা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে দলে আসা ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই প্রয়োজন।
তবে শ্রী পূর্ণ চন্দ্র সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থান ও অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলের ভাবমূর্তি রক্ষা এবং অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যথাযথ যাচাই-বাছাই করা হোক।
