মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মালবোঝাই একটি ভ্যানগাড়ির ধাক্কায় আয়শা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে আয়শা খেলতে খেলতে দৌড়ে বাড়ির পাশের সড়কে চলে আসে। এ সময় ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরগামী একটি মালবোঝাই ভ্যানগাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, “শিশুটির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে চালক ও পথচারী—সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ভুক্তভোগী পরিবারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






