ডেস্ক নিউজ
দীর্ঘদিনের ভোগান্তির অবসানে কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা এলাকায় স্থানীয়দের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ৪৬০ ফুট রাস্তার মাটি কাটার কাজের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, ভেলাকোপা মাতৃসদনের রাস্তা থেকে আব্দুর রহিম মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৪৬০ ফুট কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদায় এবং শুষ্ক মৌসুমে ধুলোবালিতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ সংগ্রহ করে রাস্তার মাটি কাটার কাজ শুরু করেন। বর্তমানে কাজ চলমান রয়েছে।
মাটি কাটার কাজের উদ্বোধন ও পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। তিনি এলাকাবাসীর এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভেলাকোপা ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মোজাহিদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক এবং ‘তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন’-এর উপদেষ্টা মো. এরশাদুল হক। তিনি পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাটি কাটার কাজ শেষ হলে দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবিতে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করা হবে। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্যোক্তারা জানান, উন্নয়নমূলক এই কাজ সফলভাবে সম্পন্ন করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।






