কুড়িগ্রামে ভূমিদস্যুদের তাণ্ডব: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি, ২ জন জেলহাজতে


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে ভূমিদস্যুদের তাণ্ডব: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি, ২ জন জেলহাজতে

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে ভূমি অপরাধ মামলায় আপসের শর্তে জামিন নিয়ে ফের জমি দখল, গাছ কাটা এবং বাদি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। এই ঘটনায় বিজ্ঞ আদালত দুই আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আদালতের এই আদেশের পর ক্ষিপ্ত হয়ে আসামিরা সোমবার (৬ এপ্রিল) পুনরায় বাদি ও তার পরিবারের ওপর হামলার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আদালতের আদেশ ও পরবর্তী হামলা: মামলা সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) মামলার আসামিরা আদালতে স্থায়ী জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ১ নং আসামি ইউনুস আলী ও ২ নং আসামি আব্দুল বাতেনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে জামিনপ্রাপ্ত বাকি ৮ জন আসামির সহযোগিতায় সাইয়েদুল নামক এক মাদকাসক্ত যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাদির বাড়ির দিকে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বাদিকে হত্যা করবে মর্মে চিৎকার করতে থাকে এবং বাদিকে না পেলে পরিবারের যেকোনো সদস্যকে মেরে ফেলার হুমকি দেয়।

ঘটনার প্রেক্ষাপট: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান ও সাংবাদিক সাইফুর রহমান শামীমের পরিবার তাদের পৈত্রিক ভিটায় গত ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমির যাবতীয় রেকর্ড ও খাজনা তাদের নামেই রয়েছে। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে আসা ইউনুস, মুসা, ইসা, আইয়ুব ও বাতেনরা সংঘবদ্ধ হয়ে স্থানীয় কয়েকজনের আশ্রয়ে গত ১৯ জানুয়ারী ভোররাতে প্রায় ৫ শতাধিক টিন, কংক্রিটের খুঁটি ও বাঁশ লুট করে নিয়ে যায় এবং গাছ কেটে অবৈধভাবে ঘর নির্মাণ করে জমি দখল করে।

পুলিশ ও সালিশি বৈঠক: লুটপাট ও জবরদখলের ঘটনায় সদর থানায় অভিযোগ করলে পুলিশ কিছু মালামাল উদ্ধার করে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দেয়। ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধা পরিবার বৈধ কাগজপত্র দেখালেও দখলদাররা তা অমান্য করে এবং নির্ধারিত তারিখের আগেই পুনরায় অবৈধ ঘর নির্মাণ করে।

মামলা ও বর্তমান পরিস্থিতি: জবরদখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে সাংবাদিক সাইফুর রহমান শামীম বাদী হয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী মামলা দায়ের করেন। সেই মামলায় দুই আসামি বর্তমানে জেলহাজতে থাকলেও বাকি আসামিরা ও তাদের সহযোগীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।

ভুক্তভোগী সাংবাদিক সাইফুর রহমান শামীম জানান, “পৈত্রিক জমি দখল করে তারা আমাদের ঘরবাড়ি ও বাগান নষ্ট করেছে। এখন আদালত দুইজনকে জেলে পাঠালে তারা আরও বেপরোয়া হয়ে আমাদের সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও জীবনের নিরাপত্তা দাবি করছি।”

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার জন্য আইনি সহায়তার প্রস্তুতি চলছে।