নিউজ ডেস্ক অনলাইন
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে কৃষি গুচ্ছের বৈঠকের পর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে, গত বছরের ধারাবাহিকতায় এবারও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজ অঞ্চলের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে এবং দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে হবে না। কুড়িকৃবির উপাচার্য জানান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতেই এই কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা পরিচালনার প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্বে থাকবে গাকৃবি। এ ছাড়া ACAS–এর অনলাইন আবেদন শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, আসনবিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে অফিসিয়াল ACAS ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

