ডেস্ক নিউজ
রংপুর গ্রিড উপকেন্দ্রে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের কারণে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩২ কেভি রংপুর-কাউনিয়া সার্কিট-০১ এর সিটি ও সার্কিট ব্রেকার প্রতিস্থাপন কাজ আগামী ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলবে।
এ সময় সংশ্লিষ্ট সার্কিট বন্ধ রেখে কাজ সম্পন্ন করা হবে।পিজিসিবি জানায়, কাজ চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ২০ থেকে ৪০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ উন্নয়ন কাজ পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
