হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বলদিপাড়া এলাকার সাইদুর রহমান (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়া টিনের ঘরের বেড়ায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছুটে যান স্বামী সাইদুর রহমান। তবে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

এলাকাবাসীর দাবি, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি কেউ বুঝে ওঠার আগেই ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে।

Exit mobile version