নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) শহরে ‘সার্বভৌমত্ব’ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, তৎকালীন রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন এবং পরবর্তী সময়ে দেশের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।
বক্তারা আরও বলেন, একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অপরিসীম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান ও ভূমিকা সংহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
