ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যেতে সক্ষম হন।
রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
