মোঃ মশিউর রহমান বিপুল
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর উপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলা নদীর দুই পাড় ঘুরে দেখেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই। দলের অন্যান্য সদস্যরা হলেন— বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্থানীয়দের আশা, বাংটুর ঘাটে সেতু নির্মিত হলে ধরলা নদী পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে।

