মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম
ক্রীড়ার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো, সুস্থ ও সুন্দর সমাজ গঠন এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রাম জেলার ১১টি পুরুষ দল ও ৫টি নারী দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ কমাতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি এমন ক্রীড়া আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শনার্থীরা।
