নিউজ ডেস্ক
কুড়িগ্রামে এই প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মেথঅ্যামফেটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক সংরক্ষণের অভিযোগে মো. শাহিন খান (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার শাহিন খান জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) বিকেলে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে শাহিন খানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইস অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক। দেশে সীমিত পরিসরে এ মাদক উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথমবারের মতো এটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।
এসআই মিজ জান্নাতুল ফিরদৌস বলেন, “মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”
