নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূজা মণ্ডপে দায়িত্ব পালনকালে আল-আমিন (৪০) নামে এক পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ সদস্য আল-আমিন কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন। রাতে পূজা মণ্ডপে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
আল-আমিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চৌধুরানী এলাকার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নাগেশ্বরী থানা ও কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

