লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করবে সংগঠনটি
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে সংস্কৃতিমনা তরুণ-তরুণীদের নিয়ে গঠিত হয়েছে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনটির নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়াকে আহ্বায়ক, লতিফুর রহমানকে সদস্য সচিব এবং জান্নাতুল ফিরদাউস মিমকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির মূল লক্ষ্য কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানো। পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের আলোকে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
নর্থ কালচারাল কমিউনিটি সূত্রে জানা যায়, হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি, গান, সাহিত্য ও ঐতিহ্য পুনরুজ্জীবিত করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরিতে কাজ করবে সংগঠনটি।
এ বিষয়ে সংগঠনটির মুখপাত্র জান্নাতুল ফিরদাউস মিম বলেন, “কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি, গান, সাহিত্য ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত এবং সংরক্ষণ করতে নর্থ কালচারাল কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্কৃতিমনা তরুণ-তরুণীদের সম্মিলিত উদ্যোগে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে ধর্মীয় ও মানবিক মূল্যবোধভিত্তিক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার পথ সুগম হবে।
