কুড়িগ্রাম প্রতিনিধি
“পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম শহরের শহীদ জিয়া বাজার, পৌর বাজার, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।পরে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা মহিলা দলের সভাপতি মোছা. রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা কায়কোবাদ মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল রানা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। বাড়ির আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জেলা গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় কোথাও পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

