কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফসহ মো. রাজু ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসির হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজা-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রাজু ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফসহ রাজুকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
