কুড়িগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনাসদস্য ও বিএনপি নেতা নিহত


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ২:০৯ অপরাহ্ন /
কুড়িগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনাসদস্য ও বিএনপি নেতা নিহত

মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৫৫) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি সাবেক সেনাসদস্য এবং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারামন বিবি মোড়ে পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।