হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ট্যাংকের পানি খেয়ে ৭ জন অসুস্থ, ভোরে চুরির চেষ্টা

রাজারহাট প্রতিনিধি


কুড়িগ্রামের রাজারহাটে বাড়ির পানির ট্যাংকের পানি পান ও ব্যবহারের পর একই পরিবারের সদস্যসহ সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে ভোররাতে ওই বাড়িতে কয়েকজন প্রবেশ করে চুরির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন—অনিল চন্দ্র রায় (৫৫), তার স্ত্রী শান্তনা রানী রায় (৪৫), মেয়ে অর্পিতা রানী রায় (১৫), ছেলে চন্দন কুমার রায় (৩০), চন্দনের স্ত্রী পূজা রানী রায় (২২) এবং প্রতিবেশী মাধব চন্দ্র রায় (৪২) ও তার স্ত্রী শিল্পী রানী রায় (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ট্যাংকের পানি পান ও অন্যান্য কাজে ব্যবহারের কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কয়েকজন অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় ভোর আনুমানিক ৪টার দিকে কয়েকজন ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বিষয়টি টের পান চন্দন কুমার রায়। তিনি ডাক-চিৎকার শুরু করলে ওই ব্যক্তিরা পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে অসুস্থ সাতজনকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, পানির ট্যাংকে চেতনানাশক বা বিষাক্ত কোনো দ্রব্য মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version