Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জ্বালানি তেলের সংকট: ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের কড়াকড়ি মনিটরিং

ডেস্ক নিউজ

চলমান জ্বালানি তেলের সংকট মোকাবেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সরেজমিনে সাহা ফিলিং স্টেশন, এসএস ফিলিং স্টেশন ও ফ্রেন্ডস ফিলিং স্টেশনে তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি যাচাই করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু এসব স্টেশনেই নয়, জেলার অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।

এছাড়া ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে খোলাবাজারে অবৈধভাবে তেল বিক্রি হচ্ছে কিনা, তা তদারকিতে রাখা হয়েছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জেলার কোথাও কোনো অনিয়ম বা ব্যত্যয় লক্ষ্য করা গেলে দ্রুত জেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

Exit mobile version