কুড়িগ্রামে জেলা পরিষদ কর্মকর্তার ‘হুমকি-অপমান’, ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন /
কুড়িগ্রামে জেলা পরিষদ কর্মকর্তার ‘হুমকি-অপমান’, ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে জেলা পরিষদের এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীদের সঙ্গে হুমকি ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গত ৪ এপ্রিল বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবহারে সরকারি নির্দেশনা মেনে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে দেন। তবে অভিযোগ রয়েছে, পরে জেলা পরিষদের সহকারী কর্মকর্তা মো. আফজাল হোসেন ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং অশালীন ভাষায় কথা বলেন।

ব্যবসায়ীদের দাবি, বাজার কমিটির সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীদের সামনে তিনি হুমকিমূলক আচরণ করেন এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ভয় দেখান। এতে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়।

ঘটনার প্রতিবাদে রবিবার (৫ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, সরকারি নির্দেশনা মেনে চলার পরও এমন আচরণ তাদেরকে হতাশ করেছে।

জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন রহমান বলেন, ক্ষমতার অপব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা পরিষদ প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে সহকারী কর্মকর্তা মো. আফজাল হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।