ডেস্ক নিউজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য এবং ক্যারিয়ারবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক, সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ আব্দুল্লাহ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভালো ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই জীবনের শেষ লক্ষ্য নয়। উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। ভবিষ্যতে যে পেশাতেই যাওয়া হোক না কেন, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
কুড়িগ্রাম জেলা শিবিরের সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন চিকিৎসক ডা. মো. আমিনুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদসহ অনেকে।
বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জন জরুরি। শিক্ষাজীবন থেকেই ভালো চরিত্র, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

