
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর
উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চল, রংপুর জোনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম আকন এবং কুড়িগ্রাম সদরের আইসিটি অফিসার রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্দীপন কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক ও পাঁচগাছী শাখার শাখা ব্যবস্থাপক সবুজ মিয়া।
বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও মেধা বিকাশে উদ্দীপন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদের এ উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে। দেশের অগ্রগতিতে শিক্ষিত প্রজন্মের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা এ সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের বৃত্তি প্রদান কর্মসূচি আয়োজন করা হবে।
আপনার মতামত লিখুন :