ডেস্ক নিউজ
নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা জামায়াত সূত্র জানায়, ‘চলো এক সাথে গড়ি বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে উত্তরের জনপদের মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দিতেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কুড়িগ্রামের এই নির্বাচনী জনসভায় উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
আগামী বুধবার সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ জনসভায় ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে জামায়াতে ইসলামী। জনসভাকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন জানান, সরকারি কলেজ মাঠ ব্যবহারের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা রিটার্নিং অফিসারের বরাবর আবেদন করা হয়েছে। তিনি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন এবং রোববার লিখিত অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, মাঠ ব্যবহারের জন্য সরকারি কলেজ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) সংযুক্ত করে দলটির পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি গ্রহণ করে পুলিশের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

