নিজস্ব প্রতিবেদক | ০১ জুন ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আগামীকাল এক বিশেষ সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে জেলা জুড়ে এই হ্যান্ডবিল বিতরণ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আজ সোমবার (০১ জুন) কুড়িগ্রাম জেলা বিএনপির প্যাডে দলীয় কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি সাংগঠনিক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নোটিশে যৌথভাবে স্বাক্ষর করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাঈন কায়কোবাদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ০২রা জুন ২০২৬ইং রোজ মঙ্গলবার, সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে (কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন, কুড়িগ্রাম সদর) এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
উক্ত হ্যান্ডবিল বিতরণ কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সদর উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
জেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, কেন্দ্র ঘোষিত ও স্থানীয় সাংগঠনিক পরিকল্পনার অংশ হিসেবে ‘জুলাই সনদ’ এর মূল বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই হ্যান্ডবিল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকেই জেলা কার্যালয় ও এর আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগের প্রস্তুতি রয়েছে দলটির।
