হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে উদ্ধার হলো বিশাল অজগর সাপ, এলাকায় চাঞ্চল্য

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লোকালয়ের পাশে সাপটি দেখতে পেয়ে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকজন হঠাৎ লোকালয়ের পাশে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা সতর্কতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগকে খবর দেন।

অজগরটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, এ এলাকায় এর আগে এত বড় অজগর কখনো দেখা যায়নি। সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১০ থেকে ১২ ফুট। ঘটনাটির পর বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।

বন বিভাগ জানিয়েছে, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে বা উদ্ধার হলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা যায়।

Exit mobile version