হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল ভূরুঙ্গামারী থানা

মোঃ মশিউর রহমান বিপুল, স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ থানার পুরস্কার পেয়েছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। একইসঙ্গে শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবেও দুই কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা ও মাস্টার প্যারেডে এসব পুরস্কার প্রদান করা হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান এবং জনসেবার মান বিবেচনা করে ভূরুঙ্গামারী থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার পেয়েছেন সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন কুড়িগ্রামের পুলিশ সুপার ফজলে রাব্বি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূরুঙ্গামারী থানার সদস্যরা যে দায়িত্বশীলতা দেখিয়েছে, তা প্রশংসার দাবিদার। এই ধারা অব্যাহত রাখতে হবে।”

পুরস্কার পাওয়ার পর ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, “পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।”

এদিকে, ভূরুঙ্গামারী থানার এমন স্বীকৃতিতে উপজেলাবাসীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের অর্জন পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে ভূমিকা রাখবে।

Exit mobile version