হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব ফুল ব্যবসায়ীরা, পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা ছাত্রদলের

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব ফুল ব্যবসায়ীরা, পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা ছাত্রদলের

বিশেষ প্রতিনিধি, হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফুলের দোকানগুলো পরিদর্শন করেছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা।

সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কলেজ মোড়ের সারিবদ্ধ ফুলের দোকানগুলোতে। এতে দোকানের মালামালসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা ও জীবিকার অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সভাপতি মো. বিপুল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, কুড়িগ্রাম শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন উৎসব-আয়োজনে রঙ ছড়ানো ফুল ব্যবসায়ীরা আজ ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন তারা।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত এই ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

Exit mobile version