Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাস্তাঘাট উন্নয়ন ও স্টেডিয়াম নির্মাণে সংসদে প্রশ্ন তুললেন ড. আতিক মুজাহিদ—জবাব দিলেন মির্জা ফখরুল ও আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক | জাতীয় সংসদ

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ তাঁর নির্বাচনী এলাকার অবকাঠামো ও ক্রীড়া ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। এ বিষয়ে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সরকারের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (তদানীন্তন তথ্য অনুযায়ী) সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে জানান, কুড়িগ্রাম-২ আসনে এলজিইডি’র আওতায় বর্তমানে মোট সড়কের মধ্যে ৩৮.৬৫ শতাংশ পাকা এবং ৬১.৩৫ শতাংশ কাঁচা রয়েছে।

তিনি আরও জানান, এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের আওতায় কাঁচা সড়ক পাকাকরণের কাজ চলমান রয়েছে। অবশিষ্ট সড়কসমূহ গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনায়, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় মোঃ আমিনুল হক কুড়িগ্রামে মিনি স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রাজারহাট ও সদর উপজেলাকে প্রকল্পের তৃতীয় পর্যায়ে ভূমি অধিগ্রহণের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত জটিলতার কারণে ফুলবাড়ী উপজেলাকে দ্বিতীয় পর্যায় থেকে বাদ দেওয়া হলেও, সমস্যা সমাধান হলে চতুর্থ পর্যায়ে এটিকে অন্তর্ভুক্ত করে স্টেডিয়াম নির্মাণ করা হবে।

ড. আতিকুর রহমান মুজাহিদের এই উদ্যোগ ও সক্রিয়তায় কুড়িগ্রামের রাস্তাঘাট উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

Exit mobile version