হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভোগডাঙার মোল্লাপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন, সচেতনতা বাড়াতে আলোচনা সভা

মো. কাজল ইসলাম | Hamar Kurigram

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়ায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ-যুবসমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষার লক্ষ্যে আলোচনা সভা ও মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “মাদক একটি পরিবারের সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। মোল্লাপাড়ার এই উদ্যোগ সারা জেলায় একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।”

ভোগডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামকে মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আয়োজিত সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, সমাজ এবং স্থানীয় জনগণের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার সাবেক আমির আব্দুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে নবগঠিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি মোল্লাপাড়া এলাকায় মাদক কেনাবেচা ও সেবন প্রতিরোধে নিয়মিত নজরদারি চালাবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে বলে জানানো হয়।

Exit mobile version