ডেস্ক নিউজ
হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের বিক্ষোভ মিছিলে হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলা যুবশক্তির সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান এবং নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম রয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস দাবি করেন, শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে বিএনপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়াও হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল দাবি করেন, ছাত্রশক্তির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের এক কর্মীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ঘটে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থাকলেও মূল বিএনপির কেউ উপস্থিত ছিলেন না।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
