শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের চার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সবাই ফেল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করিম ফরাজী, কুড়িগ্রাম

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রামের চারটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব বিদ্যালয়ের মধ্যে দুটি থেকে এবারই প্রথমবারের মতো শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ১২ জন, আবার কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল মাত্র চারজন।

শূন্য পাসের তালিকায় থাকা বিদ্যালয়গুলো হলো—রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা বলছেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষকসংকট, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং মেধাবী শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ে চলে যাওয়ায় ফলাফল খারাপ হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। এ বছর কুড়িগ্রাম জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন।

প্রথমবার পরীক্ষা দিয়েই শূন্য ফল

রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে। ২০০১ সালে প্রতিষ্ঠানটি জুনিয়র পর্যায় পর্যন্ত এমপিওভুক্ত হয়। পরে ২০১২ সালে নবম ও দশম শ্রেণির পাঠদান পরীক্ষামূলকভাবে শুরু হয়। ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায় বিদ্যালয়টি।

এবার প্রথমবারের মতো বিদ্যালয়টি থেকে ১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে প্রায় ১৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন ১২ জন। আগামী এসএসসি পরীক্ষার জন্য নবম শ্রেণির প্রায় ২৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষক ও জমিদাতা অজয় কুমার সরকার বলেন, মেয়েদের বাল্যবিবাহ এবং ছেলেদের শ্রমে যুক্ত হওয়ার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। পাশাপাশি উপজেলা শহর থেকে বিদ্যালয়টি প্রায় চার কিলোমিটার দূরে হওয়ায় ভালো শিক্ষার্থীদের অনেকে শহরের বিদ্যালয়ে চলে যায়। ফলে বিদ্যালয়ে ভালো শিক্ষার্থীর সংখ্যা কম ছিল।

চারজন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত রাজারহাটের ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় ২০২২ সালে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়।

বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে ১২৫ জন। শিক্ষক রয়েছেন নয়জন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম বলেন, মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়ার পর পাঁচজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনা ছেড়ে দেয়। বাকি চারজন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু কেউই পাস করতে পারেনি।

তিনি বলেন, নিম্নমাধ্যমিক পর্যায়ে শিক্ষক থাকলেও মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি ছিল। আগামীতে ফলাফল ভালো করার চেষ্টা করা হবে।

পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়েও শূন্য পাস

ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। ২০১২ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়।

বর্তমানে বিদ্যালয়টিতে ২৪৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক-কর্মচারী রয়েছেন ১৬ জন। এবার বিদ্যালয়টি থেকে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এ ছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকেও এবার কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি।

তদন্তের উদ্যোগ

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নভেম্বর 6, 2026

ফুলবাড়ী প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের একটি বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় […]

উলিপুরে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা

নভেম্বর 6, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে উলিপুর থানায় মামলাটি করেন। মামলা […]

রাজারহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’র উদ্বোধন

নভেম্বর 6, 2026

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’। এর অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজারহাট উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদুল হক, কৃষি কর্মকর্তা তুষার […]

Verified by MonsterInsights