মোঃ নাজিমুল ইসলাম || নাগেশ্বরী
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় আজ মঙ্গলবার দুপুর ২টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল, কুড়িগ্রাম)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
এ সময় এলাকাবাসী মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চোরাচালান, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ সংক্রান্ত নানা অভিযোগ ও অভিজ্ঞতা সরাসরি পুলিশ কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।
পুলিশ সুপার মাহফুজুর রহমান মনোযোগসহকারে সকল বক্তব্য শোনেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন,
জনগণই পুলিশের শক্তি। জনগণের সহযোগিতা ছাড়া সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব নয়।
তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা থানার সেবার মান উন্নয়ন, অভিযোগ নিষ্পত্তির গতি বৃদ্ধি ও জনগণের আস্থা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
শেষে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

