মোঃ আবু সাঈদ ইসলাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে যাওয়ার প্রধান সড়কটির অবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। সোমবার (১৬ মার্চ) সামান্য বৃষ্টি হওয়ার পরই রাস্তার করুণ চিত্র ফুটে ওঠে।
সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে কাদাময় হয়ে যায়। কোথাও কোথাও রাস্তার ভেতরের রড পর্যন্ত বের হয়ে পড়েছে, যা চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে রাস্তা কাদায় পরিণত হয়। এতে করে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা ও ভ্যানচালকদের চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে।
বাজারে আসা একাধিক ব্যক্তি জানান, অল্প বৃষ্টি হলেই রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। অনেক সময় কাদায় পিছলে পড়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই সড়কটির সংস্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

