Site icon হামার কুড়িগ্রাম

কচাকাটায় জনসভায় অধ্যাপক আনোয়ারুল ইসলামের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

মোঃ আবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসন (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী–কচাকাটা) এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করেছে ১১ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) ও জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কচাকাটা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় বক্তব্য দেন জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

জনসভায় অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন,
“নির্বাচিত হলে আমি নিজে দুর্নীতি করবো না এবং অন্য কাউকেও করতে দেবো না। আমি আপনাদের শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই। উন্নয়নের মিথ্যা আশ্বাস দেবো না। তবে আল্লাহর রহমতে নির্বাচিত হলে উন্নয়ন বরাদ্দের প্রতিটি টাকাই জনসম্মুখে প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে কালিগঞ্জ ঘাটে দুধকুমার নদীর ওপর একটি সেতু নির্মাণ, সোনাহাট স্থলবন্দর ও কচাকাটার মধ্যবর্তী এলাকায় একটি ৩০ শয্যার হাসপাতাল স্থাপন করা হবে। পাশাপাশি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মাদক নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় জনতার ব্যাপক উপস্থিতিতে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এদিকে কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। বিজয় নিশ্চিত করতে তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে কোনো ধরনের ছাড় দিতে নারাজ জামায়াতে ইসলামী ও তাদের শরিক দলগুলো।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কচাকাটা থানা আমির মাওলানা এনামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসাইন, এনসিপির কচাকাটা থানার প্রধান সমন্বয়ক গোলাপ উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা।

Exit mobile version