Site icon হামার কুড়িগ্রাম

এসএসআই ক্যাডেট নিয়োগে দালালকে টাকা না দেওয়ার আহ্বান রংপুর রেঞ্জ পুলিশের

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

বাংলাদেশ পুলিশের এসএসআই ক্যাডেট (নিরস্ত্র) ২০২৬ নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ পুলিশ।

রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে চাকরি দেওয়ার নামে কোনো ব্যক্তি বা দালালকে অর্থ না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো দালালচক্রের প্রলোভন বা প্রতারণার ফাঁদে পা না দিতে হবে। কোনো পরীক্ষার্থী বা অভিভাবক অবৈধভাবে অর্থ প্রদান করে প্রতারিত হলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

এতে আরও বলা হয়, দালাল, প্রতারক বা অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশকে অবহিত করতে হবে। চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক লেনদেন সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

নিয়োগসংক্রান্ত সঠিক তথ্যের জন্য শুধু বাংলাদেশ পুলিশের সরকারি বিজ্ঞপ্তি ও অনুমোদিত ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ গ্রহণ বা প্রদান অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। চাকরি পাওয়ার একমাত্র পথ হলো যোগ্যতা ও মেধা।

পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের এবং পরিবারের কষ্টার্জিত অর্থ প্রতারকদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে—সতর্ক থাকুন, দালালকে না বলুন এবং অবৈধ লেনদেন থেকে বিরত থাকুন।

Exit mobile version