হামার কুড়িগ্রাম

এলপিজির দাম বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে বাড়তি ২৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ৪ অক্টোবর ২০২৬

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম ২১ টাকা বাড়িয়ে ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দামে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ২৫২ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। নতুন নির্ধারিত দাম রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি জানিয়েছে, বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম এখন প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা হিসাবে নির্ধারণ করা হবে। এর আগে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ছিল ১৩২ টাকা ১২ পয়সা।

তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ১২ কেজির একটি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যায়। গত এপ্রিল মাসে দেশে এলপিজির দাম একাধিকবার বাড়ানো হয়েছিল। এপ্রিলের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানোর পর একই মাসের ১৯ তারিখে আরও ২১২ টাকা বাড়ানো হয়। পরে জুন ও জুলাইয়ে টানা দুই মাস দাম কমানো হয়েছিল।

এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা। আগে এর দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এসব উপাদানের আন্তর্জাতিক মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। ওই মূল্যকে ভিত্তি করে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

Exit mobile version