হামার কুড়িগ্রাম

এমপি ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর সুপারিশে উলিপুরের ১০টি মসজিদের উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, উলিপুর (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধর্মীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSID-2)-এর আওতায় উপজেলার ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ৩ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের দাপ্তরিক প্যাডে প্রকাশিত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর স্বাক্ষরিত তালিকা অনুযায়ী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ১০টি মসজিদ এ বরাদ্দ পেয়েছে। তালিকাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কার্যক্রমের জন্য প্রেরণ করা হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত মসজিদগুলো হলো— খায়রুলের মোড় মসজিদ (দলদলিয়া ইউনিয়ন), হাতিয়ার মেলা বাজার জামে মসজিদ (হাতিয়া ইউনিয়ন), পূর্ব আঠারো পাইকা জামে মসজিদ (বুড়াবুড়ি ইউনিয়ন), কামাল খামার তেতুলতলা বাজার জামে মসজিদ (দুর্গাপুর ইউনিয়ন), মিঠাপুর (ভূতের বাজার) জামে মসজিদ (গুনাইগাছ ইউনিয়ন), মধ্য খামার বজরা জামে মসজিদ (বজরা ইউনিয়ন), সাতঘড়ি পাড়া জামে মসজিদ (পাণ্ডুল ইউনিয়ন), খেতরাই বাজার পশ্চিম মসজিদ (খেতরাই ইউনিয়ন), উত্তর বামনাছড়া বাইতুন্নুর জামে মসজিদ (তবকপুর ইউনিয়ন) এবং কেডি এবি মোড় জামে মসজিদ (ধরণীবাড়ী ইউনিয়ন)।

স্থানীয়রা এ বরাদ্দকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, বরাদ্দের অর্থ যথাযথভাবে বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে এবং মুসল্লিদের জন্য আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে ইবাদত-বন্দেগির সুযোগ সৃষ্টি হবে।

Exit mobile version