হামার কুড়িগ্রাম

এএইউবি’র সিনেট সদস্য মনোনীত হলেন এমপি আতিকুর রহমান মোজাহিদ

নিজস্ব প্রতিবেদক | ১৪ মে ২০২৬

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মোজাহিদ। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৪ মে) জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’-এর ২২(২)(খ) ধারা অনুযায়ী মাননীয় স্পীকার এ মনোনয়ন প্রদান করেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মোজাহিদের পাশাপাশি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব মো. হাসান রাজীব প্রধানকেও একই বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দেশের এভিয়েশন, মহাকাশ গবেষণা ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নবমনোনীত সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রম, উচ্চশিক্ষা সম্প্রসারণ এবং গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিজ্ঞপ্তির অনুলিপি ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মাননীয় স্পীকার ও ডেপুটি স্পীকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

নবমনোনীত সিনেট সদস্য আতিকুর রহমান মোজাহিদের এ মনোনয়ন কুড়িগ্রামবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Exit mobile version