নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
সারা দেশে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম জেলা শাখা। একইসঙ্গে পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) কুড়িগ্রাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভকামনা ও নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, ‘আজকের তরুণ-তরুণীরাই দেশের ভবিষ্যৎ। আজকের সকল এইচএসসি পরীক্ষার্থীরা আগামীদিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে এবং তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বদরবারে সম্মানজনক আসনে অধিষ্ঠিত হবে—এটাই আজ জাতির প্রত্যাশা।’
পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতে এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা ছাত্রদলের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি পরীক্ষার্থীদের পাশে থাকার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
