Site icon হামার কুড়িগ্রাম

উলিপুর সরকারি কলেজের মেধা সিংহের বিশ্বজয়

মোহাম্মদ দিদার আহমেদ জীবন

উলিপুর সরকারি কলেজের এক গর্বিত মুহূর্তের নাম এখন মেধা সিংহ। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত ৫৫০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে উলিপুর সরকারি কলেজ থেকে একমাত্র মনোনীত হয়েছেন তিনি।

এইচএসসি ২০২৩ (বিজ্ঞান) ব্যাচের মেধাবী ছাত্রী মেধা সিংহ দিল্লি বিশ্ববিদ্যালয়ে (QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩: ৩২৮তম) মাইক্রোবায়োলজিতে গ্রাজুয়েট ডিগ্রি অর্জনের জন্য ফুল ফান্ডেড বৃত্তি পেয়েছেন। এই সাফল্যের আনন্দে তিনি তার মা ও ছোট বোনকে নিয়ে কলেজে এসে শিক্ষক ও সহপাঠীদের মিষ্টি খাইয়ে শুভেচ্ছা গ্রহণ করেন।

উলিপুর সরকারি কলেজ পরিবার মেধার এই সাফল্যে উচ্ছ্বসিত। কলেজের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে বলা হয়—
“আজ তুমি আমাদের জন্য গর্বের। আমরা দোয়া করি, তুমি উচ্চশিক্ষা শেষে দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।”

কলেজের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে আরও বলা হয়—
“মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো মানুষ হও, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করো। তোমরা জিতলে জিতে যায় মা-বাবা, জিতে যায় শিক্ষকেরা।”

মেধা সিংহের এই অর্জন উলিপুর তথা কুড়িগ্রাম জেলার শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণার বার্তা হয়ে থাকবে।

Exit mobile version