Site icon হামার কুড়িগ্রাম

উলিপুর পাঁচপীর রেলস্টেশনে জুয়া খেলার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

শাহজাহান খন্দকার, উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর রেলস্টেশন এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় জরুরি ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পাঁচপীর রেলস্টেশন এলাকায় কিছু ব্যক্তি টাকার বিনিময়ে ডাবু দিয়ে জুয়া খেলছে।

এ তথ্যের ভিত্তিতে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় মহবুব হোসেন (৫০), পিতা: বয়তাল আলী, মাতা: মরজিনা বেগম, গ্রাম: গোড়াই শ্যামপুর, থানা: উলিপুর, জেলা: কুড়িগ্রামকে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা জরিমানা করা হয়।

এ সময় জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ডাবু, গুটি এবং বোর্ডে থাকা নগদ ৫০ টাকা জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version