উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ব্রেন টিউমারে আক্রান্ত নগেন চন্দ্রের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসার পেছনে নিজের সঞ্চিত সব অর্থ ব্যয় করেছেন। এখন অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে।
নগেন চন্দ্র উলিপুর পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামের পরবা চন্দ্রের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, নগেন ঢাকার নারায়ণগঞ্জে একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করতেন। তার আয়ে চলত পুরো সংসার। দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতকে অধ্যয়ন করছেন।
পরিবারের সম্পত্তি বলতে রয়েছে শুধু বসতবাড়ির ভিটে। দীর্ঘদিন ধরে নগেনের চিকিৎসা চালাতে গিয়ে জমানো সব অর্থ শেষ হয়ে গেছে। একদিকে চিকিৎসার ব্যয়, অন্যদিকে সংসারের খরচ ও মেয়ের পড়াশোনার ব্যয়—সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি।
স্বজনরা জানান, সময়মতো উন্নত চিকিৎসা করানো সম্ভব না হলে নগেনের শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় নগেনের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।
চিকিৎসা সহায়তা পাঠানোর নম্বর:
বিকাশ/নগদ: ০১৯২০৯৩৮২০৬

