উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বাসায় অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তিনি উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির ৪ নং যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এলাকার চিহিৃত মাদক কারবারি আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আফজাল হোসেনকে ৭৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
