নিজস্ব প্রতিবেদক, উলিপুর (কুড়িগ্রাম)
উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (HRF)-এর অর্থায়নে এ প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের (HRF) Deputy Chief Executive জনাব কাসিম তোকান এবং Country Director ড. ওবায়দুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমা আখতার, জাহাঙ্গীর প্লাবন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কর্মকর্তারা।
জানা গেছে, ইনশাআল্লাহ চলতি মাসেই প্রশিক্ষণ কেন্দ্রটির চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আগামী পাঁচ বছরে উলিপুরের বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে বিভিন্ন চাহিদাসম্পন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের আওতায় থাকবে ফ্রিল্যান্সিং, কম্পিউটার ও আইটি, টেইলারিং, টেকনিক্যাল সার্ভিসিং, মোটর ড্রাইভিং, ভাষা শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ।
উদ্যোক্তাদের লক্ষ্য, শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা নয়; বরং ‘সমৃদ্ধ উলিপুর’ ভিশনের অংশ হিসেবে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন দক্ষ, কর্মক্ষম ও উপার্জনক্ষম মানুষ তৈরি করা।
সংশ্লিষ্টরা মনে করছেন, একজন দক্ষ মানুষ যেমন একটি পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, তেমনি দক্ষ ও কর্মক্ষম পরিবারগুলোর সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ উলিপুর।
