হামার কুড়িগ্রাম

উলিপুরে ১০ সড়ক উন্নয়নে ১১ কোটি ৭৪ লাখ টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামের উলিপুরে যোগাযোগব্যবস্থা উন্নয়নে দুই দফায় ১০টি সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। এসব প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৪৮৫ টাকা।

সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নতুন করে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পাওয়ার তথ্য জানান সংসদ সদস্য। এর আগে গত ২৮ জুলাই আরও পাঁচটি সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

১৭ আগস্ট ঘোষিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—উলিপুর M.S.H/S–উলিপুর মন্ডলের হাট GC সড়ক, থেতরাই হাট–UP নগরাকুড়া হাট সড়ক, উলিপুর GC–থেতরাই UP অফিস সড়ক, উলিপুর থেতরাই–বাকোরের হাট সড়ক এবং কেসি রোড–নতুন অনন্তপুর হাট সড়ক।

এর মধ্যে উলিপুর GC–থেতরাই UP অফিস সড়কের ৭ দশমিক ১৫০ কিলোমিটার উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬ লাখ ১ হাজার ৫৯৮ টাকা। কেসি রোড–নতুন অনন্তপুর হাট সড়কের ২ কিলোমিটার অংশের জন্য ৭৬ লাখ ৫৬ হাজার ৮৯ টাকা এবং উলিপুর থেতরাই–বাকোরের হাট সড়কের ৭৪০ মিটার অংশের জন্য ৬৩ লাখ ৩৩ হাজার ৪৬৭ টাকা ব্যয় ধরা হয়েছে।

এ ছাড়া থেতরাই হাট–UP নগরাকুড়া হাট সড়কের ৬৫০ মিটার অংশে ৫১ লাখ ৮৫ হাজার ৪৩৮ টাকা এবং উলিপুর M.S.H/S–উলিপুর মন্ডলের হাট GC সড়কের ৬৮৯ মিটার অংশে ৩৫ লাখ ৫৭ হাজার ৬৫৩ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। নতুন ঘোষিত পাঁচ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ২৪৫ টাকা।

এর আগে ২৮ জুলাই অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ–বুড়াবুড়ি হাট সড়ক, DC-50 উজির আকন্দপাড়া মসজিদ থেকে বকরাই ব্রিজ হয়ে DC-50 পাকা সড়ক, নাজিমখান–থেতরাই পাকা সড়কের কুটিপাড়া মিয়াপাড়া মক্তব থেকে খাঁপাড়া–তেপুটি সড়ক, দলদলিয়া ইউনিয়ন পরিষদ থেকে চাপড়া হয়ে বসু হাউস সড়ক এবং রাজারাম পশ্চিম কালভার্ট থেকে বকরেরহাট ঘাটিয়ালপাড়া হয়ে ভেড়ারজান ব্রিজ সড়ক।

২৮ জুলাই অনুমোদিত এসব পাঁচ প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ২৪০ টাকা।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী তাঁর পোস্টে বলেন, উলিপুরের প্রতিটি ইউনিয়নে আধুনিক ও টেকসই যোগাযোগব্যবস্থা গড়ে তোলা তাঁর অন্যতম অগ্রাধিকার। সড়ক যোগাযোগের উন্নয়নের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ধাপে ধাপে উন্নয়নের সুফল উলিপুরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাওয়া হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে উলিপুরের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version