উলিপুরে হাজী বিরিয়ানি হাউজের খাবারে চুল, ভোক্তাদের ক্ষোভ


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন /
উলিপুরে হাজী বিরিয়ানি হাউজের খাবারে চুল, ভোক্তাদের ক্ষোভ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাজী বিরিয়ানি হাউজে খাবারে চুল পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কয়েকজন বন্ধু মিলে হাজী বিরিয়ানি হাউজে খাবার খেতে যান। সেখানে বিরিয়ানির মধ্যে চুল দেখতে পান তারা। শুধু ভাতেই নয়, পরিবেশিত ডিমের ভেতরেও চুল পাওয়া যায়।

ভুক্তভোগী বাইজিদ নামে এক ক্রেতা জানান, “আমরা ৮ জন বন্ধু মিলে রাত ১০টার দিকে বিরিয়ানি খেতে যাই। খেতে শুরু করলে একটি প্লেটে চুল পাই। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা প্লেট পরিবর্তন করে দেয়। কিন্তু পরে দেখি আমাদের মধ্যে ৮ জনের মধ্যে ৫ জনের প্লেটেই চুল আছে। এমনকি ডিমের গায়েও চুল পাওয়া যায়। অভিযোগ করলে হোটেল কর্তৃপক্ষ বিরক্ত হয়ে বলে—চুল থাকবেই, এভাবেই খেতে হবে—এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে।”

অন্য এক ক্রেতা রহমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি দুই প্যাকেট বিরিয়ানি অর্ডার করি, দুটিতেই চুল পাই। এটা অত্যন্ত বিরক্তিকর ও স্বাস্থ্যহানিকর।”

এ ঘটনায় উপস্থিত অন্যান্য ক্রেতারাও খাবারের মান ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত করছে না, যা ভোক্তাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাজী বিরিয়ানি হাউজের কর্তৃপক্ষ ঘটনাটি স্বীকার করে বলেন, “বিষয়টি ভুলবশত হয়েছে। আমরা অভিযোগকারীদের সঙ্গে কথা বলব এবং সমস্যার সমাধানে ব্যবস্থা নেব।”

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “খাবারের মধ্যে চুল পাওয়া অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এবং ভোক্তাদের সঙ্গে খারাপ আচরণও অগ্রহণযোগ্য। এ বিষয়ে খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল ও ভোক্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।